পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবোত্তর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার শরীফুল ইসলাম সাগর (২২), শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার আসাদুল ইসলাম (৩২) এবং উপজেলার হাপানিয়া গ্রামের শরীফুল ইসলাম (৩৬)।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জব্দ হওয়া মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্তও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমএইচজে




