বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেছেন, কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কৃষকদের চাহিদা অনুযায়ী গবেষণা ও তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। আধুনিক কৃষি শুধু উৎপাদন নয়, এটি কৃষকের আয় বৃদ্ধি, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণেও সহায়ক।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কৃষকের পরিশ্রমেই আমাদের খাদ্যনিরাপত্তা বজায় রয়েছে। তবে কৃষিকাজে বিষাক্ত কীটনাশক ব্যবহারে সতর্কতা জরুরি, কারণ এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আধুনিক কৃষি এখন আর শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কৃষকের আয় বাড়ানো, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতেও কার্যকর।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান বলেন, পিএফএস প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা যাতে প্যাকেজ প্রযুক্তির জ্ঞান অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দেন, সেটাই এই কংগ্রেসের মূল লক্ষ্য। কৃষির যান্ত্রিকীকরণ, পুষ্টি সচেতনতা, বাজার ব্যবস্থাপনা ও ফার্মার সার্ভিস সেন্টার গঠনে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত উপপরিচালক শরিফুল ইসলাম, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রিদওয়ান আহমেদ রাফি। এস্ময় প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কংগ্রেস পার্টনার প্রকল্পের প্রযুক্তি, কৌশল এবং টেকসই রূপান্তর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরটিভি/এমএইচজে




