সুনামগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৪:৫৩ পিএম


সুনামগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ২
ছবি: আরটিভি

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তর পাশে জগজীবনপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লেগুনাচালক শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের আব্দুল হাসিমের ছেলে ইব্রাহিম আলী (২৬) এবং লেগুনার যাত্রী সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়নপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮)।

আহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের মুসলিম মিয়ার ছেলে আব্দুল জাহান (৪০), আব্দুল জাহানের মেয়ে লুতফা বেগম (৮), ছাতক উপজেলার গণিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া (৫২)। তাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, লেগুনার যাত্রী জাহের মিয়া ঘটনাস্থলেই মারা যান। চালক ইব্রাহিমকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে একটি লেগুনা সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে ছাতকের গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সড়কের আহসানমারা সেতুর উত্তর পাশে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসের আঘাতে লেগুনার সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, লেগুনার ৬ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাশের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পরপরই যাত্রীবাহী বাসটি দ্রুত পালিয়ে যায়।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দু মোতালেব বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission