বগুড়ার কাহালুতে নিজ বসতঘরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল সাতটার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মা-মেয়ে হলেন- সোনিয়া খাতুন (২৯) ও নিহা মনি (১০)। সোনিয়া শিকড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
পুলিশ জানায়, বাবার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করতেন সোনিয়া। সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রান্না করছিলেন। এ সময় তারা সোনিয়ার ঘরে আগুন দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সিনিয়র স্টেশন অফিসার সবুজ হোসেন বলেছেন, সকাল ৭ টার দিকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আগুন কীভাবে লেগেছে তা তদন্তের আগে বলা ঠিক হবে না। তবে হালকা কেরোসিনের গন্ধ ছিল সেখানে। আগুনে ওই ঘরের খাট, ওয়ারড্রোবের কিছু অংশ পুড়েছে। আর ওই নারীর পুরো শরীর পোড়া ছিল।
পুলিশ জানিয়েছে, মানসিক সমস্যার কারণে এর আগে তার দুটি সংসার ভেঙে যায়। বেশ কিছুদিন ধরে তিনি মেয়ে মেহা মনিকে নিয়ে শিকড় গ্রামে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেছেন, মানসিক সমস্যার কারণে সোনিয়া খাতুন আত্মহত্যার উদ্দেশ্যে নিজেই নিজের শরীরে ও ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরটিভি/এসএস



