ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দোকান পুড়ে ছাই

আরটিভি নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬ , ০৩:৪১ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দোকান পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতির শিকার দোকানগুলো হলো- সেবা মেডিসিন হল, পপুলার ফার্মেসি, আনু স্টোর এবং একটি চায়ের দোকান।

শুক্রবার (২২ মে) দুপুর ১টার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে এবং বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। একই সঙ্গে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষকে খবর দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী রাসেল সরকার জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয়দের নিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে অতিরিক্ত মালামাল তুলেছিলেন তারা। ব্যবসাই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে সব পুড়ে যাওয়ায় তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

মনকাশাইর বাজারের ব্যবসায়ী রুবেল বলেন, আগামী সোমবার ঈদ উপলক্ষে বাজারে গরুর হাট বসার কথা ছিল। এ কারণে অনেকেই দোকানে অতিরিক্ত পণ্য মজুদ করেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এখন জরুরি।

খাড়েরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহন মিয়া জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি দোকানেই প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল ছিল। অন্য দোকানগুলোতেও বিপুল পরিমাণ পণ্য ছিল।

কসবা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মানিক সিকদার জানান, দুপুর ১টা ১৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়েনি।

আরটিভি/এমএস/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission