ভোলার চরফ্যাশনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
ঈদের দিন সকালে উপজেলার দুলারহাট এলাকার ঐতিহ্যবাহী দুলারহাট ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে তিনি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
নামাজ শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে অ্যাড. ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। সমাজে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সমাজের সব মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত।
এ সময় স্থানীয়রা জানান, অ্যাড. ছিদ্দিক উল্লাহ মিয়া ঈদের নামাজে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাঁর এমন আন্তরিক উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ আরও বৃদ্ধি পায়।
আরটিভি/টিআর




