চাঁদপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আয়েশা চাঁদপুর শহরের শফিক মাঝির ছোট মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজন ও স্থানীয়রা জানান, শফিক মাঝি তার পরিবার নিয়ে চাঁদপুর শহরে বসবাস করেন। ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি তার স্ত্রী-সন্তানেরা হাইমচরের দক্ষিণ আলগী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সকালে পরিবারের সবার অলক্ষ্যে শিশু আয়েশা দক্ষিণ আলগী হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওজি বাড়ির পুকুরে পড়ে যায়।
পরবর্তীতে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সওগাদ জানান, শিশুটিকে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
আরটিভি/আইএম




