সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১২:০৯ পিএম


সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত দুইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় প্রায়ই বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission