নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। পরে তাকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে শরীফুল ইসলাম (৪৫) নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার (৩ জুন) রাতে শিশুটির মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তার শরীফুল ইসলাম নাটোর সদর উপজেলারই বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) বিকেলে প্রতিবেশী এক নারী ওই শিশুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি বিলে ঘাস কাটতে যান। একপর্যায়ে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে শিশুটি বাড়িতে ফিরতে চাইলে প্রতিবেশী শরীফুল ইসলাম তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। অভিযোগ রয়েছে, পথে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে শিশুটিকে বাড়ির ফটকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বাড়িতে ফিরে শিশুটি পরিবারের কাছে ঘটনার বর্ণনা দিলে প্রথমে তাকে চিকিৎসার জন্য নাটোরের একটি ক্লিনিকে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত শরীফুলকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।
খবর পেয়ে নাটোর সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ১০টার দিকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী শিশুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া আজ জবানবন্দি গ্রহণের জন্য শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এআর



