গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ১টার দিকে জেলার মুকসুদপুরের রাগদি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি সেতুতে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার কালাম (৩০)।
আহতদের মধ্যে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলীয়ার ভূঁইয়াপাড়া এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুলাইমান সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্র ছিল।
পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরটিভি/টিআর




