পুশইনের চেষ্টা ব্যর্থ ভারতের, ১৯ ঘণ্টা পর ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

​নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ ​

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০১:৫৪ পিএম


আরও ১৭ জনকে পুশইনের চেষ্টা ভারতের, রুখে দিল বিজিবি
বিজিবির দৃঢ় অবস্থানে সাপাহার সীমান্তে ভারতের পুশইন চেষ্টা ব্যর্থ। ছবি: আরটিভি

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে দীর্ঘ ১৯ ঘণ্টা টানটান উত্তেজনার পর অবশেষে জিরো পয়েন্টে আটকে থাকা নারী ও শিশুসহ ১৭ জন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়দের সহায়তায় বিজিবির এমন দৃঢ় অবস্থানের কারণে পুশইন ঠেকাতে পারায় সীমান্তজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাঁপানিয়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।  শনিবার (৬ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

সীমান্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি মেইন পিলারের কাছ দিয়ে ১৭ জন বাংলাভাষী মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা। ভুক্তভোগীদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু ছিল। বিএসএফ-এর এই তৎপরতা টের পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তীব্র প্রতিরোধ গড়ে তোলে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে জিরো লাইনে কড়া পাহারার ব্যবস্থা করা হয়। বিজিবির এই অনড় ও সাহসী অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশের ভেতরে ঢোকাতে ব্যর্থ হয়।

আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের এক কৃষক জানান, সারাদিন ও সন্ধ্যার পর বিজিবি সদস্যরা ওই ১৭ জনকে সীমান্তে কড়া পাহারা দিয়ে রেখেছিলেন। রাত ১১টার দিকেও সেখানে বিজিবি মোতায়েন ছিল। এরপর মাঝরাতের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ভারতের ভেতরের দিকে নিয়ে যায়। তারা ভারতে যেতে চাচ্ছিল না এবং প্রচণ্ড কান্নাকাটি করছিল।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘ঘটনাটি জানার পর থেকেই আমরা সীমান্তে অতিরিক্ত টহল ও জনবল বৃদ্ধি করি। শুরুতে মানবিক দিক বিবেচনা করে তাদের জিরো লাইনে অবস্থান করতে দেওয়া হলেও, সন্ধ্যার পর আমরা তাদের কঠোরভাবে নোম্যান্সল্যান্ডে পাঠিয়ে দিই।’

তিনি আরও জানান, রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে, বাংলাদেশে পুশইন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে তারা ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদার রাখা হয়েছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধে ভারতের পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ায় সীমান্ত এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission