চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের ব্যারাক থেকে মো. আজিজুর রহমান নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আজিজুর রহমান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ব্যারাকের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রশি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি আরও বলেন, বিজিবির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, নায়েক আজিজুর রহমান মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর পুলিশ ও বিজিবি সদস্যরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরটিভি/এমএইচজে



