সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে কলেজছাত্র নিহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ও পারিবারিক সূত্র।
শনিবার (১৩ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জ সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ভোররাতে মোটরসাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দেন আসিফ। পথিমধ্যে বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসিফের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরটিভি/এসকে




