নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় চাঁদ সুলতানা (৬৫) নামের বৃদ্ধ মাকে নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে দুই সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই দুই সন্তানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- খড়মপুর গ্রামের বাসিন্দা বড় ছেলে আব্দুল মমিন (৪৫) ও ছোট ছেলে আব্দুল মুকিম (৩৫)।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রবীণ ও বয়স্কদের ওপর যেকোনো ধরনের নির্যাতন বা অন্যায় বরদাশত করা হবে না। বৃদ্ধা মায়ের ওপর অমানবিক অত্যাচারের বিষয়টি জানার পরপরই ধামইরহাট থানাকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগী মায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সমাজে এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই দীর্ঘদিন ধরে তাদের বৃদ্ধ মা চাঁদ সুলতানার সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। মা তাতে রাজি না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ওই বৃদ্ধাকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয় পাষণ্ড সন্তানেরা। উপায় না পেয়ে তিনি বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন। এর পরই পুলিশ তাদের গ্রেপ্তার করেন।
বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপারের নজরে আসলে তার কঠোর নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৎপরতায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশ প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পায় এবং বৃদ্ধা মায়ের ওপর পুনরায় বড় ধরনের নির্যাতন ও অপরাধের আশঙ্কায় ধর্তব্য অপরাধ নিবারণকল্পে আসামিদের গ্রেপ্তার করে। আজ রোববার (১৪ জুন) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়ে পুলিশ সুপারের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ।
আরটিভি/এমএম




