ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার ধরখার ইউনিয়নের হাসিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হাসিমপুর গ্রামের মোছা. আছমা আক্তার (৩২) ও তার স্বামী শাহজালাল খন্দকার (৩৮)।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনা, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের তত্ত্বাবধান এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী, এএসআই মো. রাসেল মিয়া ও সঙ্গীয় ফোর্স ধরখার পুলিশ ফাঁড়ি এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাসিমপুর গ্রামের একটি বাড়ির শোবার ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে আছমা আক্তার ও শাহজালাল খন্দকারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আখাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম




