বসতবাড়ি ও দোকানের পর এবার মৌলভীবাজারের হাওর থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে নবীন ও জাবেদ নামের দুই ব্যক্তি শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ ধরতে গেলে তাদের জালে একটি বড় সাপ আটকা পড়ে। পরে তারা সেখানেই জালটি রেখে নিরাপদ দূরত্বে সরে যান।
ঘটনাটি স্থানীয় সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ মিয়ার নজরে এলে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে সাপটি উদ্ধারের অনুরোধ জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে একটি অজগর হিসেবে শনাক্ত করেন। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধার শেষে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা ও দ্রুত তথ্য প্রদানের ফলে অজগরটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
আরটিভি/আইএম



