ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ চত্বরে আনন্দঘন পরিবেশে ফুটবল ম্যাচ উপভোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১৭ জুন) উপজেলা প্রশাসন ও স্থানীয় ক্রীড়ামোদীদের উদ্যোগে আয়োজিত বিশেষ বড় পর্দায় তিনি আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার রোমাঞ্চকর ফুটবল ম্যাচটি উপভোগ করেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের খেলা দেখার জন্য উপজেলা চত্বরে একটি বড় পর্দার (ডিজিটাল স্ক্রিন) ব্যবস্থা করা হয়েছে। আইনমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে একই সারিতে বসে খেলা উপভোগ করেছেন।
খেলা চলাকালে পুরো উপজেলা চত্বরে টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণ ও আলজেরিয়ার পাল্টা আক্রমণের সময় দর্শকদের উল্লাস ও করতালি ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ফুটবল বাঙালির আবেগের জায়গা। শৈলকূপার সাধারণ মানুষের সঙ্গে বসে এই টানটান উত্তেজনার ম্যাচটি উপভোগ করতে পেরে আমার দারুণ লেগেছে।
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে। এই ধরনের আয়োজন সাধারণ মানুষের মাঝে সম্প্রীতি ও আনন্দের খোরাক জোগায়।
এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
সাধারণ দর্শকরা জানান, সরকারের একজন মন্ত্রীর সঙ্গে বসে খেলা দেখতে পেরে তারা আনন্দিত ও আপ্লুত। এটি শৈলকূপাবাসীর জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
আরটিভি/আইএম




