চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে পুশইনের শিকার হওয়া নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২০ জুন) সকালে বিজিবি-বিএসএফের মধ্যে বৈঠক শেষে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, বৈঠক শেষে বিএসএফ শূন্যরেখা থেকে পুশইনের শিকার হওয়া ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পুরো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তজুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে, আজ ভোর আনুমানিক ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪ জন শিশু ছিল। তবে বিজিবির তৎপরতা ও বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।
গত ১৩ ও ১৫ জুন রোকনপুর সীমান্ত এবং ৪ জুন বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে একইভাবে মোট ২৮ জনকে পুশইনের চেষ্টা চালানো হয়েছিল। প্রতিবারই বিজিবির বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।
আরটিভি/এসএস




