কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের বটতলা নামে স্থানে ইউসুফ মিয়া নামে এক কৃষকের মরিচ ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহৎ আকৃতির গাঁজা গাছটি জব্দ করে।
স্থানীয়রা জানান, দুধকুমার নদী দ্বারা বিচ্ছিন্ন দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরে স্থানে কৃষক ইউসুফ মিয়া মরিচ ক্ষেতে প্রায় দুই বছর ধরে গাঁজার গাছটি বড় করে আসছিলেন। গাছটি প্রায় ১০ ফুট উচ্চতার হয়েছে। গাঁজা গাছে ফুল আসার আগেই গাছটি কেটে থানা হেফাজতে নেয় পুলিশ। তবে দুর্গম এলাকা হওয়ায় পুলিশ দেখে ভারতের দিকে পালিয়ে যান ইউসুফ।
এএসপি মুনতাসির মামুন মুন বলেন, চরাঞ্চলের দরিদ্র কৃষকরা মাদক কারবারিদের পরামর্শে অধিক মুনাফার আশায় মাঝে মধ্যে এমন অপকর্মে জড়িয়ে পড়েন। এই এলাকায় আরও গাঁজার গাছ আছে কি-না সে বিষয়ে তল্লাশি চলছে। গাঁজাচাষীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমএইচজে




