মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া গ্রামে আলিফা আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাদের নিজ বসতঘরে এই ঘটনা ঘটে।
নিহত আলিফা ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আলিফাকে ঘরে মুঠোফোনে গেমস খেলতে দেখে তার দাদা বাড়ির কাছের একটি দোকানে যান। দোকান থেকে ফিরে তিনি ঘরের কাঠের আড়ার সঙ্গে আলিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে মরদেহটি নিচে নামায়।
স্বজনরা জানান, আলিফা দীর্ঘদিন ধরে নানা শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছিল।
খবর পেয়ে ঘিওর থানা পুলিশ পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএইচজে



