চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদকে (৪৯) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার নাজিম উদ্দীন ফরিদ ইউনিয়নের উদালিয়া মোহসেনা পাড়া গ্রামের মৃত মৌলানা বাদশা আলমের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় নাজিম উদ্দীন ফরিদকে গ্রেপ্তার করা হলে একদল ব্যক্তি অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল, ৬টি আতশবাজি এবং আরও ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, নাজিম উদ্দীন ফরিদের বিরুদ্ধে গত ৭ জুন হাটহাজারী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এসএস




