৪ বছর পর ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ জুন ২০২৬ , ০২:১৮ পিএম


৪ বছর পর ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার আলোচিত ও চাঞ্চল্যকর শিপ্রা রানী দাস ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ৪ বছর পর মামলার প্রধান আসামি তাজুল ইসলাম প্রকাশ কাজলকে (৪২) গ্রেপ্তার করেছে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পিবিআই কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই কর্মকর্তারা।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও বিশেষ অভিযানের মাধ্যমে নোয়াখালী জেলার সোনাইমুড়ী রেলস্টেশন এলাকা থেকে তাজুল ইসলাম প্রকাশ কাজলকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ অক্টোবর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর শিপ্রা রানী দাস আর ফেরেননি। পরে ৪ অক্টোবর নবীনপুর এলাকার জলার চরে একটি ফসলি জমি থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শিপ্রা রানী দাসের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় ২০২২ সালের ৯ জানুয়ারি শিপ্রা রানী দাসের স্বামী সবিনয় দাস বাদী হয়ে নবীনগর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই জানায়, দীর্ঘদিন মামলাটি ক্লু-লেস থাকার পর তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের এক পর্যায়ে মামলার অন্যতম সহযোগী আসামি কালু বাবুর্চি প্রকাশ কালু সাহাকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রধান আসামি কাজলের অবস্থান শনাক্ত করেন। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কাজল শিপ্রা রানী দাসকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission