দোকানের নাম ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’, জার্সি পরে গেলেই নিশ্চিত ছাড়

আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০১:২৩ পিএম


দোকানের নাম ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’, জার্সি পরে গেলেই নিশ্চিত ছাড়
আর্জেন্টিনা সবজি ভাণ্ডার। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই বাঙালির মাঝে টানটান উত্তেজনা। চারদিকে রঙের খেলা আর প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সেই ফুটবল উন্মাদনাকে ভিন্নমাত্রা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার কাঁচামালের আড়তের সবজি ব্যবসায়ী কাওসার আলী। 

নিজের খুচরা সবজির দোকানটিকে তিনি সাজিয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের নীল-সাদা রঙে। শুধু সাজসজ্জাই নয়, দোকানের নামও বদলে রেখেছেন ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। আর ক্রেতাদের জন্য দিয়েছেন অভিনব এক অফার আর্জেন্টিনার জার্সি পরে এলে প্রতি কেজি সবজিতে মিলবে ১০ টাকা পর্যন্ত ছাড়।

সরেজমিনে দেখা যায়, বাজারের অন্যান্য দোকানের তুলনায় কাওসার আলীর দোকানটি সম্পূর্ণ ব্যতিক্রম। দোকানজুড়ে টানানো হয়েছে অসংখ্য আর্জেন্টিনার পতাকা। ছোট-বড় নানা আকারের পতাকায় সাজানো দোকানটি দূর থেকেই সবার নজর কাড়ছে। দেখে মনে হয় যেন ঠাকুরগাঁওয়ের বাজারেই গড়ে উঠেছে আর্জেন্টিনার এক ক্ষুদ্র সংস্করণ।

দোকানের সামনে টানানো সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা রয়েছে ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। তার পাশেই রয়েছে আকর্ষণীয় ঘোষণা “আর্জেন্টিনার জার্সি পরে আসলেই কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত ছাড়”।

এই ঘোষণার পর থেকেই দোকানটিতে ক্রেতাদের ভিড় বেড়েছে। কেউ শাক-সবজি ও ফলমূল কিনতে আসছেন, আবার কেউ কৌতূহলবশত দোকানটি দেখতে এসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। অনেকেই দূর-দূরান্ত থেকে শুধু দোকানটি একনজর দেখতে আসছেন।

আর্জেন্টিনার এক সমর্থক বলেন, আমি কিছু কিনতে আসিনি। শুধু ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’এর কথা শুনে দেখতে এসেছি। আমার বাড়ি প্রায় ২০ কিলোমিটার দূরে। আমার সঙ্গে আরও তিনজন এসেছে।

অন্যদিকে এক ব্রাজিল সমর্থক বলেন, আমি ব্রাজিলের ভক্ত। তবুও কাওসারের দোকানের ব্যতিক্রমী সাজসজ্জা ও বিশেষ ছাড়ের বিষয়টি দেখতে এসেছি। উদ্যোগটি সত্যিই ভালো লেগেছে।

দোকান মালিক কাওসার আলী বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে এই দলের খেলা নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে। তাই নিজের ভালোবাসা প্রকাশ করতে দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। পাশাপাশি ক্রেতাদের আনন্দ দিতে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।

আরও পড়ুন

স্থানীয়দের মতে, বাজারে এমন ব্যতিক্রমী উদ্যোগ আগে দেখা যায়নি। ফলে প্রতিদিনই অসংখ্য মানুষ দোকানটি দেখতে ভিড় করছেন। তাদের মতে, এটি ফুটবলপ্রেম ও ব্যবসায়িক সৃজনশীলতার এক অনন্য উদাহরণ।

বিশ্বকাপের উত্তাপে যখন দেশজুড়ে চলছে প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন, তখন ঠাকুরগাঁওয়ের ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’ ফুটবল আবেগ ও ব্যবসার এক ব্যতিক্রমী মেলবন্ধন হিসেবে স্থানীয়দের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission