ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামের কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পূর্ব পাশে তাওছিয়া স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইবাদুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা এলাকার বাসিন্দা।
অভিযানে তার কাছ থেকে ১৮০ কেজি গাঁজা, একটি মিটসুবিশি আউটল্যান্ডার গাড়ি এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরটিভি/আইএম



