তিন দিনেও থামেনি দুই গ্রামের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০২:০০ পিএম


তিন দিনেও থামেনি দুই গ্রামের সংঘর্ষ
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে থেমে থেমে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষের কারণে সরাইল–নাসিরনগর–লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লাখ টাকা পাওনা দাবি করেন। তবে খাদিম ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে খাদিম নিহত হন।

আরও পড়ুন

এরপর সোমবার বিকেলে খাদিমের জানাজা শেষে আবারও দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission