চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম পাড়া সোলতান আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আহত এনায়েত আলী একই এলাকার বাসিন্দা।
এ বিষয়ে লোকমান হাকিম বলেন, এনায়েত আলী গ্রামের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির পাশে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে এনায়েতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।
এনায়েত আলীর ছোট ভাই লিয়াকত আলী বলেন, এলাকায় মসজিদ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ চলছে। এ ছাড়া রাজনৈতিক কারণেও তার ওপর হামলা হয়ে থাকতে পারে। তিনি হাতে, পায়ে ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালিয়ে মো. রায়হান (২৬) নামে স্থানীয় এক তরুণকে আটক করে। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে এনায়েত আলী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএইচজে




