ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০২:৫৪ পিএম


ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৭
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গীবাড়ীগামী একটি মাইক্রোবাস উপজেলার নিমতলা এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকার চালক গাড়িটি থামানোর চেষ্টা করলে মাইক্রোবাসের চালক দ্রুত পালানোর উদ্দেশ্যে গাড়ির গতি আরও বাড়িয়ে দেন। পরে সীমনপাড়া এলাকায় আবারও দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

এরপরও মাইক্রোবাসটি না থেমে দ্রুতগতিতে চলতে থাকে। একপর্যায়ে পূর্ব ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক আলমগীর জানান, সকালে ট্রাক নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সরাসরি তার ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত থাকেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission