বাস কাউন্টারের বাথরুমে গলাকাটা অবস্থায় পড়ে ছিলেন ইমন

আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১১:৫৮ পিএম


বাস কাউন্টারের বাথরুমে গলাকাটা অবস্থায় পড়ে ছিলেন ইমন
ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুরে এনা পরিবহনের একটি কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় ইমন (২০) নামে এক কলেজছাত্রকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। তবে এটি ডাকাতি, পরিকল্পিত হামলা নাকি আত্মহত্যার চেষ্টা এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রোববার (৫ জুলাই) সন্ধ্যার পর নগরীর নতুন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইমন খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার শাহজাহান সাজুর ছেলে। তিনি বিএল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্বজনদের দাবি, ঘটনার দিন রাতেই তিনি এনা পরিবহনের ওই কাউন্টারে কর্মী হিসেবে প্রথম দিন দায়িত্ব পালন শুরু করেছিলেন।

জানা গেছে, মাগরিব নামাজের সময় কাউন্টারের অন্য কর্মীরা বাইরে গেলে ইমন একাই দায়িত্বে ছিলেন। কিছুক্ষণ পর সহকর্মীরা ফিরে এসে তাকে কাউন্টারে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাউন্টারের বাথরুমের ভেতরে গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এনা পরিবহন সংশ্লিষ্টদের দাবি, হামলার সময় কাউন্টারের ক্যাশবাক্স থেকেও টাকা চুরি হয়েছে।

আরও পড়ুন

এনা পরিবহনের নতুন রাস্তার মোড় কাউন্টারের একটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমাদের কিছু ক্যাশ চুরি হয়েছে। আমরা এখন পুলিশের সঙ্গে কথা বলছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ইমনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দৌলতপুর থানার পুলিশ গণমাধ্যমকে জানায়, তারা ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission