গ্রিড সাবস্টেশনে আগুন, বিদ্যুৎবিচ্ছিন্ন ৬৭ হাজার গ্রাহক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ১২:৩০ পিএম


গ্রিড সাবস্টেশনে আগুন, বিদ্যুৎবিচ্ছিন্ন ৬৭ হাজার গ্রাহক
ছবি: সংগৃহীত

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগুনে সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে সাবস্টেশনটিতে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। যদিও আগুনের স্থায়িত্ব ছিল মাত্র ১ থেকে ২ মিনিট, তবুও এতে ৬ নম্বর ফিডারসহ অন্যান্য ফিডারের সংযোগ, বিভিন্ন বৈদ্যুতিক তার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্র ও বরগুনা জোনাল অফিস সূত্রে জানা গেছে, খেজুরতলা গ্রিড সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকাণ্ডের পর পুরো সিস্টেমের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। ফলে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান জানান, হঠাৎ বিকট শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ১১ কেভি এসিআর বিস্ফোরণের কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় একটি যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে স্থাপন করতে হবে। সব যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission