হাসপাতাল থেকে ‘গায়েব’ দুর্ঘটনার শিকার ব্যক্তির পা 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১১:৪৯ এএম


হাসপাতাল থেকে ‘গায়েব’ দুর্ঘটনার শিকার ব্যক্তির পা 
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে হাসপাতালটির অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজি করে ওই পায়ের সন্ধান পাওয়া যায়নি।

পরে হাসেম আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন নিহতের পরিবার।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর অপারেশন থিয়েটারে তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

ঘটনার রহস্য উদঘাটন ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন তারা।

নিহত হাসেম ইবি থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় কৃষিকাজ করতেন।

আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন গণমাধ্যমকে জানান, হাশেম তার প্রতিবেশী চাচাতো ভাই। তিনি অভিযোগ করেন হাসপাতালের সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে এ ঘটনা ঘটেছে।

তিনি বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন

এদিকে লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্তে খতিয়ে দেখবেন বলে জানিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান। তিনি গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে ভর্তি হলে হাসপাতালের স্টাফরা নিহতের স্বজনদের কাছে বিচ্ছিন্ন পায়ের অংশটি বুঝিয়ে দিয়েছে বলে আমি রাতেই শুনেছি। এরপর কী হয়েছে জানা নেই। লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, এ ব্যাপারে তার কিছু জানা নেই। তবে নিহতের পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এক্ষেত্রে কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission