চাঁদপুরের হাইমচর উপজেলায় বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সবুজ গাজী নামে এক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কালাচৌকিদার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাইমচর থানা পুলিশ জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানার ২০১৬ সালের একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি শহিদ গাজী ওরফে সবুজ গাজী হাইমচর থানার চরভাঙ্গা (পূর্ব নাম গাজীপুর) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের কনে দেখার প্রস্তুতির আগেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি সবুজকে কালাচৌকিদার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতঃপূর্বে তিনি আরেকটি বিয়ে করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
আরটিভি/এমএইচজে



