বন্যায় বিপর্যস্ত বান্দরবান, খোলা আকাশের নিচে লাখো মানুষ

আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৮:১০ পিএম


বন্যায় বিপর্যস্ত বান্দরবান, খোলা আকাশের নিচে লাখো মানুষ
ছবি: সংগৃহীত

টানা ৬ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পাহাড়ি জেলা বান্দরবানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। পাহাড়ধসে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে সড়ক, কালভার্ট ও ব্রিজ। ভেসে গেছে অসংখ্য পুকুর জলাশয়ের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর ফসলি জমি।

এছাড়াও পানির স্রোতে ভেসে গেছে শত শত মানুষের ঘরবাড়ি, আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক পরিবার। বন্যার পানি কমে যাওয়ার পর ফুটে উঠেছে এসব ক্ষয়ক্ষতির চিত্র।

সরেজমিনে দেখা  গেছে, খোলা আকাশের নিচে পড়ে আছে বাড়ির আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিষপত্র। বন্যার পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে সব। নতুন করে ধুয়ে মুছে সব পরিষ্কার করছে বন্যার্তরা। টানা ৬ দিনের বন্যায় বিপর্যস্ত পাহাড়ি জেলা বান্দরবান। পানিতে তলিয়ে গেছে লামা আলিকদম রুমা নাইক্ষ্যংছড়িসহ জেলার সব নিম্নাঞ্চল। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ফসলি জমি কৃষি ক্ষেত মাছের ঘের ও মুরগির খামার।

নষ্ট হয়ে গেছে আসবাবপত্র টিভি ফ্রিজসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি। ভেসে গেছে পুকুর জলাশয়ের মাছ। শুধু তাই নয় পাহাড়ধস ও বন্যার পানিতে ভেসে প্রাণ হারিয়েছে ৬ জন। ৪ দিন ধরে অচল যোগাযোগ ব্যবস্থা। কোনো কোনো এলাকায় নেই বিদ্যুৎ সংযোগও। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট। তবে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীরবর্তী মানুষ।

বন্যার পানিতে ঘরবাড়ি ভেসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক পরিবার।

আরও পড়ুন

শহরের বরিশাল পাড়া এলাকার বাসিন্দা আসাদুল্লাহ জানান, বন্যার পানিতে আমার ঘরটি ভেসে গেছে। আমার সহায় সম্বল বলতে ওই কাঠের ঘরটি ছিল। এখন আমার থাকার কোনো জায়গা নেই। আপাতত আশ্রয় কেন্দ্রে আছি। তবে ওখানে আর কয়দিন থাকবো এরপর তো ওখান থেকে চলে আসতে হবে। তখন খোলা আকাশের নিচে ছাড়া কোনো আশ্রয় নেই।

একই এলাকার আরেক বাসিন্দা রুপালী দাশ জানান, মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালাই নদীর পারের ছোট ঘরটাতে দুই সন্তান নিয়ে থাকতাম কিন্তু পানিতে সব নিয়ে গেছে। এখন কোথায় থাকবো? কি করবো? কিছুই বুঝতে পারছি না। কেউ এখনো কোনো খবর নেয়নি কিছু পাবো কিনাও জানি না।

তবে জেলাপ্রশাসক সানিউল ফেরদৌস জানান, বন্যায় ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। খুব দ্রুত ক্ষতি নিরুপণ করে তাদের সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে গত ৬ জুলাই থেকে বন্যা কবলিত হয় পাহাড়ি জেলা বান্দরবান। এতে পানিবন্দি হয়ে পড়ে জেলার কয়েক লাখ মানুষ।

আরটিভি/ এসকেডি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission