গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকার করায় সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী ছায়েদুল ইসলাম (৪০)। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ জুলাই) কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী।
অভিযুক্ত ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং নিহত নাসিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
তিনি জানান, সোমবার (১৩ জুলাই) ভোর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাদকসেবী ছায়েদুল স্ত্রী পোশাক শ্রমিক নাসিমা আক্তারের কাছে মাদক সেবনের জন্য ৩০০০ টাকা চায়। কিন্তু ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার করলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছায়েদুল নাসিমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের ৮ বছরের মেয়ে সামিয়া এবং ০৫ বছরের ছেলে জিসানের সামনেই নাসিমার মৃত্যু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে আসামি।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গাজিপুরের ভোগড়া বাইপাস থেকে আসামীকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছায়েদুল ইসলামের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলার রেকর্ড নেই। তবে মাদকাসক্ত ছিলেন। স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মাদক গ্রহণ করতেন।
আরটিভি/টিআর




