ফেসবুকে ক্ষমা চাওয়ার পর মিলল ছাত্রদল নেতার মরদেহ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৪:০১ পিএম


ফেসবুকে ক্ষমা চাওয়ার পর মিলল ছাত্রদল নেতার মরদেহ
নিহত বিজয় পাল প্রলয়। ছবি: সংগৃহীত

ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের ফুলপুরে বিজয় পাল প্রলয় (২১) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিজয় পাল প্রলয় ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরিবারের সদস্যরা সকালে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

জানা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজয় পাল প্রলয় লিখেন, আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।

এ ছাড়া তার ফেসবুক টাইমলাইনে মানসিক কষ্টের ইঙ্গিতবাহী আরও কয়েকটি পোস্ট ছিল। মরদেহ উদ্ধারের পর সেসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে নানা ধরনের আলোচনা থাকলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission