ডেভিড ইমন ও ইন্টারনেট ব্যবসায়ীর ফোনালাপ, যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৪:২৫ পিএম


ডেভিড ইমন ও ইন্টারনেট ব্যবসায়ীর ফোনালাপ, যা জানা যাচ্ছে
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দিনদুপুরে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। 

সোমবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ফোনে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনকে হুমকি দেন ডেভিড ইমন।

আদিল বিন মামুনকে ফোনে বলতে শোনা যায়, ‘আপনি কোথায় বিজনেস করেন বুঝতে পারি নাই?’

ডেভিড ইমন বলেন, ‘আমি বিজনেস করি না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডাটা পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করিয়েন। আমার নাম্বারটা দেখেন, আপনি চিনেও না চিনার মতো করতেছেন। আমি আপনাকে বলতেছি যে ব্যবসা এখন থেকে আমরা করব, আপনারা আর ব্যবসা আমি করিয়ান না। ব্যবসা বাণিজ্য যদি করেন স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব্বা থেকে গিয়ে আমার কথা জিজ্ঞেস করিয়েন। এখন আমার পোলাপাইন ব্যবসা করবে। সতেরো আঠারো বছর তো করছেন ব্যবসা আর কতো করবেন।’

আদিল বিন মামুন বলেন, ‘আমাদের উপরে এত রাগ হওয়ার কারণ কী? আমি এটা বুঝতে পারলাম না?’

ডেভিড ইমন বলেন, ‘আপনাদের উপরে এত রাগ না আপনারা সতর আঠারো বছর ব্যবসা করছেন, আর আমরা ৫ আগস্টের পর ১৭-১৮ টা মার্ডার মামলা নিয়ে ঘুরতেছি। আপনারা কয়টা মার্ডার মামলা খাইছেন।’

আদিল বিন মামুন বলেন, ‘চিটাগং শহরে তো অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করে, আমাদের সাথে রাগ কেন?’

ডেভিড ইমন বলেন, ‘আপনি খবর নিয়ে দেখেন সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে। মুরাদপুর, অক্সিজেন, হাটহাজারী সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে। আমাদের ছেলেরা আপনাকে অনেকদিন ধরে কল দিচ্ছে আপনি কল রিসিভ করেন নাই। এখন ভাইজান আমি আপনাকে একটা কথা বলি ভালো ভালো একটা কথা বলি, আপনি আমাদের সম্পর্কে না জানলে আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন আমরা কে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি ব্যবসা করেন তাহলে আমাদের সাথে কি কমিটমেন্ট করে ব্যবসা করে সমস্যা নেই। আর না হলে আপনি আর ব্যবসা করেন না। আপনারে আমি দুইদিন টাইম দিছি আপনারা আর বিজনেস করবেন না।’

পরে পুলিশের কাছে অভিযোগ করে মামুন বলেন, শনিবার একটি বিদেশি নম্বর থেকে নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দেওয়া এক ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন। তিনি বলেন, ‘ব্যবসা করতে চাইলে এককালীন ২ কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা দিতে হবে।’

‘পরদিন একটি বাংলাদেশি নম্বর থেকে আরেক ব্যক্তি ফোন করে জানতে চান, আমি কবে টাকা দেব। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার মধ্যরাতে ওই বিদেশি নম্বর থেকে ‘অপেক্ষা করুন, দেখবেন’ লেখা খুদে বার্তা পাঠানো হয়’, বলেন তিনি।

মামুন বলেন, আমরা থানায় মামলা করেছি। হামলার বিষয়টি আমাদের সংগঠনকেও জানিয়েছি।

তিনি আরও বলেন, ফোনালাপের সময় ইমন বলেন, ‘আমার সম্পর্কে সিএমপি কমিশনারকে জিজ্ঞেস করুন। তাকে আমার ফোন নম্বর দেখান। এখন থেকে ব্যবসা আমরা চালাবো। আপনি আর ব্যবসা করবেন না। ব্যবসা করতে চাইলে স্মার্ট গ্রুপের মালিক মুজিবের বাসায় কী হয়েছে, সেটা দেখুন।’

এর আগে চকবাজার থানাধীন নগরের চান্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাসভবনে দুই দফা গুলি চালানো হয়। অভিযোগ রয়েছে, ১০ কোটি টাকা চাঁদা দাবিতে বড় সাজ্জাদের সশস্ত্র সহযোগীরা এ হামলা চালায়।

মামুন বলেন, প্রায় সাত মিনিটের কথোপকথনের একপর্যায়ে ইমন বলেন, ‘আমরা পুরো চট্টগ্রামে ব্যবসা পরিচালনা করছি। শুধু আপনাকেই ফোন করিনি। আমাদের ছেলেরা গার্মেন্টস, ইন্টারনেট ব্যবসাসহ সবখানেই কাজ করছে। আমরা কারও কাছ থেকে চাঁদা আদায় করছি না বা কারও টাকা ছিনিয়ে নিচ্ছি না। আপনি ১৫ থেকে ২০ বছর ব্যবসা করেছেন। যথেষ্ট হয়েছে। এখন আমাদের ছেলেদের পালা। কেউ জেলে আছে, কেউ বাইরে। তাদের দেখাশোনা করতে হবে। এখন থেকে ব্যবসা তারাই চালাবে।’

তিনি আরও বলেন, ইমন আমাকে বলেন, ভাই, আপনাকে দুদিন সময় দিচ্ছি। এর মধ্যে সব গুছিয়ে নিন। দুদিন পরও যদি দেখি আপনি ব্যবসা করছেন, তাহলে এরপর কী হয়, তা বুঝতে পারবেন।

ডিডিএনের মালিক বলেন, আমার কী করা উচিত জানতে চাইলে ইমন বলেন, ব্যবসা করতে চাইলে ২ কোটি টাকা রেডি রাখবেন। আর প্রতি মাসে ১০ লাখ টাকা দেবেন। না হলে ব্যবসা করবেন না। ব্যবসা আমরা চালাবো। ছেলেদের জন্য ২ কোটি টাকা রেডি রাখবেন।

ডিডিএনের বিক্রয় বিভাগের প্রধান মো. রবিউল হোসেন রাকিব বলেন, ধারালো অস্ত্রধারী ৩০ থেকে ৩৫ জন যুবক হঠাৎ কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও কম্পিউটার ভাঙচুর শুরু করে। তারা কার্যালয় থেকে নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম লুট করে প্রায় পাঁচ মিনিট পর চলে যায়।

তিনি বলেন, তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল।

আরও পড়ুন

সিএমপির অতিরিক্ত উপকমিশনার মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় ডিডিএনের ম্যানেজার শামসুদ্দোহা মিনহাজ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission