সৌদি আরবের আল-বাহা শহরে সড়ক দুর্ঘটনায় তোফায়েল হোসেন (৩২) নামে কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন আতাউর রহমান।
নিহত তোফায়েল হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জয়নাল আবেদীন পীর সাহেবের বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তোফায়েল। তিনি আল জাহরাইন কোম্পানির অধীনে আল-বাহা শহরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।
১৩ জুলাই দিবাগত রাতে বাংলাদেশ সময় আনুমানিক রাত ১টার দিকে নাশতা শেষে কর্মস্থলে ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি পেছন থেকে তোফায়েলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।
তোফায়েলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং নিজ এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
আরটিভি/এমএ




