নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক

নেত্রকোণা সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৪:৫৮ পিএম


নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
ছবি: আরটিভি

নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী মরিয়ম বেগমকে (৩৬) আটক করেছে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

বুধবার (১৫ জুলাই) বেলা ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় আশেকানে হাওলাপুরী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মরিয়ম বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেটে থাকা মোট ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

অভিযানে ইয়াবার পাশাপাশি একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামতের মোট বাজারমূল্য প্রায় ২৮ লাখ ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

আটক মরিয়ম বেগম নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ডিএনসি নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission