কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, ঢাকা থেকে আসা ভাড়াটে খুনিদের হাতেই খুন হন তিনি।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান রাতে হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে আসা ভাড়াটে খুনিরা এ হত্যকাণ্ড ঘটায়।
মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। পরে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী সার্জন ডা. আনন্দ বসাক জানান, গত রাত সাড়ে ১১টায় জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ হামলায় গুরুতর আহত জাদিস মিয়াকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহাঙ্গীরের মাথায় জখমের চিহ্ন রয়েছে। দুই হাতও প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়।
আরটিভি/টিআর



