নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে জুলাই যুদ্ধের বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
আরটিভি/এমএইচজে



