কুমিল্লার দেবিদ্বারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছবি-সংবলিত ব্যানার নিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় মিছিল বের করেন।
তারা স্লোগানের মাধ্যমে ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান। মিছিলটি মহাসড়কে কিছু সময় ধরে চলে।
এ ছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের পক্ষেও স্লোগান দেন। দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনির নেতৃত্বে মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে সন্ধ্যায় মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে পুলিশের তৎপরতা শুরু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর




