কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ 

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৫:২১ পিএম


কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
নিহত শিশু সাজ্জাদ হোসেন। ছবি: আরটিভি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি খাল থেকে সাজ্জাদ হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাজ্জাদ ওই গ্রামের সানজু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল থেকে সাজ্জাদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে তারা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ শিশুকে উদ্ধারে স্বজনদের পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বাড়ির পাশের একটি খালে সাজ্জাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

এদিকে একমাত্র ছেলে সন্তানের মরদেহ উদ্ধারের খবর শুনে মা শাকিলা বেগম কান্নায় ভেঙে পড়েন। তার বুকফাটা আহাজারিতে উপস্থিত সবার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির মা দোকানে যাওয়ার পর সাজ্জাদ খেলতে খেলতে বাড়ির পাশের খালের পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission