রাঙ্গামাটির লংগদু উপজেলা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার সেগুন বাগান থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ স্বাক্ষরে এই নোটিশ জারি করা হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাক মন্তব্য করেন যে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা ফয়েজুল আজীম ফয়েজের একটি সেগুন বাগান থেকে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করেছে উপজেলা বিএনপি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।
এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি পরিকল্পিত অপপ্রচার।
ইস্যু করা নোটিশে অভিযুক্ত রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার বক্তব্যের সপক্ষে উপর্যুক্ত তথ্য-প্রমাণসহ লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
উপজেলা সভাপতি আরও হুঁশিয়ারি দিয়ে জানান, অভিযুক্ত সদস্য যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে জেলা বিএনপির নির্দেশনানুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত বিএনপি নেতা রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এই বিষয়ে তার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
আরটিভি/এসএস



