মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় জোবেদা বেগম (৬০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে তার স্বামী সুলতান সরদারকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আউলিয়ারচর ৭ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর পারিবারিক কলহের জেরে ঘরে থাকা একটি ধারালো দা দিয়ে জোবেদা বেগমের গলা কেটে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) রিপন আলী খান ও কালকিনি থানার এসআই (নি.) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশের তথ্যমতে, অভিযুক্ত সুলতান সরদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করা হবে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, নিহত জোবেদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এসএস



