রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরে আলম সরকার (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজার চতরা বাজারের সরকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরে আলম সরকার ইকলিমপুর (আলতাবনগর মসজিদ সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি চতরা বাজারে একটি কাপড়ের দোকান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ চতরা বাজার এলাকায় অভিযান চালান। এ সময় নুরে আলমকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আলামত আইনিভাবে জব্দ করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা করা হয়েছে। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




