ভাইরাল সেই রুনার বিষয়ে সবশেষ যা জানা গেল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৫:২৩ পিএম


ভাইরাল সেই রুনার বিষয়ে সবশেষ যা জানা গেল
অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযান গ্রেপ্তার রুনা পারভীন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যশোরের রুনা পারভীনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার রুনা পারভীন শার্শা উপজেলার সাতমাইল মোড়লপাড়া গ্রামের বাসীন্দা। অভিযানকালে তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার ব্যবসা পরিচালনা করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ একটি দল রোববার রাত সাড়ে ৯টার দিকে সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রুনা পারভীনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। সোমবার দুপুরে আসামি রুনা পারভীনকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission