নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন রাশিয়ান নাগরিকসহ মোট ৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে প্রায় ৫০ জন রাশিয়ান নাগরিক বহনকারী একটি বাস যাচ্ছিল। একই সময়ে নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক তালবাড়িয়া এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। দুর্ঘটনায় বাসে থাকা ৬ জন রাশিয়ান নাগরিকসহ মোট ৮ জন আহত হন। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বনপাড়া ও নাটোর সদর হাসপাতালে পাঠায়।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুস্তম আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
আরটিভি/এমএইচজে




