মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা ছেলের

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ  

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৯:৩৫ পিএম


মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা ছেলের
ছবি: আরটিভি

চাঁদপুরে ভরণ-পোষণের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল ইসলাম (২৬) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী রেহেনা বেগম স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। তার অভিযোগ, বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণের দায়িত্ব এড়িয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমঝোতার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম ছেলে সাইফুল ইসলামের কাছে ভরণ-পোষণের টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মাকে মারধর করেন, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এসে রেহেনা বেগমকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি /এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission