গ্যারেজে কিশোরের মৃত্যু, পালিয়েছেন মালিক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১০:৪৮ পিএম


গ্যারেজে কিশোরের মৃত্যু, পালিয়েছেন মালিক
নিহত কিশোরের নাম নুর খান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকার একটি গ্যারেজে কিশোর শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়।

১২ বছর বয়সী নিহত কিশোরের নাম নুর খান। সে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকার মৃত নুর খালেকের ছেলে। গত দুই মাস ধরে সে নাজিরহাট নতুন রাস্তার পশ্চিম পাশে খোরশেদ মিস্ত্রির সিএনজি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করে আসছিল।

নিহতের মা নুর আশা অভিযোগ করে বলেন, বুধবার দুপুরে গ্যারেজ মালিক খোরশেদ মিস্ত্রি আমাকে ফোন করে বলে আমার ছেলের শরীর খারাপ লাগছে, সে নাকি বিদ্যুতের শট (শর্ট সার্কিট) খেয়েছে। এরপর আমাকে দ্রুত নাজিরহাট মেডিকেল (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) আসতে বলে। আমি হাসপাতালে পৌঁছানোর পর খোরশেদ আমার ছেলের লাশ রেখে সেখান থেকে পালিয়ে যায়।

নুর আশা আরও দাবি করেন, গ্যারেজ মালিকের কথাবার্তা এবং তড়িঘড়ি করে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা সন্দেহজনক। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও খোরশেদ মিস্ত্রির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে, ঘটনার পর থেকে গ্যারেজ মালিক খোরশেদ মিস্ত্রি পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক গ্যারেজ মালিককে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission