বাইক নিয়ে ঘুরতে বের হয় তিন বন্ধু, লাশ হয়ে ফিরল একজন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০২:০৭ পিএম


বাইক নিয়ে ঘুরতে বের হয় তিন বন্ধু, লাশ হয়ে ফিরল একজন
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার আরও দুই সহপাঠী। 

সোমবার (৩ আগস্ট) বিকেলে সদরের কানাইপুর ইউনিয়নের আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াদ মোল্লা (১৬) সদর উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে ও কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর দেড়টার দিকে স্কুল ছুটি হয়ে যায়। এরপরই তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিল তামিম।

বিকেলে ফরিদপুর শহর থেকে ফেরার পথে কানাইপুরের একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে তারা কানাইপুর বাজারের দিকে মহাসড়কে উঠছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়। 

আরও পড়ুন

এতে তারা ছিটকে সবাই মহাসড়কের ওপর পড়ে এবং ঘটনাস্থলেই সোয়াদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুজনসহ তিনজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যান সোয়াদের বাবা, মা ও স্বজনরা। এ সময় তার নিথর দেহ দেখে আহাজারিতে ভেঙে পড়েন তারা। তাদের গগনবিদারী চিৎকারে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। 

শোকে বার বার মূর্ছা যাচ্ছিলেন সোয়াদের মা। আর মাঝে মাঝে বিলাপ করে বলছিলেন, ‘আমার একটাই ছেলে, আর কোনো ছেলে নাই; কি হয়ে গেল।’

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত সোয়াদের আহত দুই সহপাঠী তামিম ও শাওনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission