‘আমি জাফর স্যারের কাছে ক্ষমাপ্রার্থী’

সিলেট প্রতিনিধি

বুধবার, ০৯ মে ২০১৮ , ১২:২৫ পিএম


‘আমি জাফর স্যারের কাছে ক্ষমাপ্রার্থী’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের অনুরোধে ছাড়া পেয়েছেন সন্দেহজনক আচরণের কারণে আটক সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

মঙ্গলবার সকালে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

ছাড়া পেয়ে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জাফর স্যারের কক্ষে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। আমি স্যারের কাছে ক্ষমাপ্রার্থী। ভুলটা আমারই ছিল। স্যার অনেক বড় মাপের মানুষ। আমি ঘটনার জন্য স্যারের কাছে ক্ষমা চেয়েছি। স্যার যেন আমার জন্য দোয়া করেন। উনি ভালো থাকুন, এটাই আমার চাওয়া। উনাদের মতো মানুষ দেশের দরকার।

রাকিব  আরও বলেন, স্যার নিজে থানায় এসে আমার সঙ্গে দেখা করেছেন। পরে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমার মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন।

রাকিবের চাচা মো. গোলাম মোস্তাফা বলেন, আমিসহ আমার পুরো পরিবার জাফর স্যারের কাছে কৃতজ্ঞ। স্যারকে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে আটক শিক্ষার্থীর বিরুদ্ধে সন্দেহজনক কোনো কিছু না পাওয়ায় ও জাফর স্যারের সুপারিশে তাকে মঙ্গলবার সকালে ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে শাবি ক্যাম্পাসের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের কক্ষ থেকে সন্দেহজনক আচরণের কারণে রাকিবকে আটক করে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয় রাকিবকে।

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission